
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা-
দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির পাশের গভীর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো খয়েরবাড়ী বাজার এলাকার মুদি দোকানি শাহীন আলমের সাড়ে চার বছরের মেয়ে সাবিহা ও তিন বছরের ছেলে সিয়াম।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের মাঠে খেলতে যায় শিশু দুইটি। একপর্যায়ে সবার অজান্তে মাঠের পাশে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর পানিভর্তি গর্তে পড়ে যায় তারা। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় গর্তের পানিতে শিশু দুইটির মরদেহ ভাসতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলিফ মো. নূরে আলম সায়েদি বলেন, পানিতে ডুবে যাওয়া অবস্থায় প্রথমে ছেলেটিকে এবং পরে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোছা. শাপলা বেগম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ গর্তগুলো দ্রুত ভরাট বা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
