
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু করা হবে।
মঙ্গলবার বিকেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রমের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর সরকার দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করেছে। ইতোমধ্যে অনেক শিশুকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং যারা দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে, তাদের ঈদের পর টিকা দেওয়া হবে।
তিনি চিকিৎসকদের প্রতি রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুদের শনাক্ত করতে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে কোনো সংকট নেই এবং প্রয়োজন হলে আরও শয্যা বাড়ানো হবে। বাসায় বাসায় গিয়েও টিকা প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।
টিকা নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে টিকার কোনো ঘাটতি নেই। বর্তমানে কিছু সিরিঞ্জের স্বল্পতা রয়েছে। তবে মাসিক চাহিদা অনুযায়ী নতুন সিরিঞ্জ সরবরাহ আসছে এবং তা দ্রুত সারা দেশে বিতরণ করা হবে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
