×

তরুণদের ডিজিটাল দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তিগত দক্ষতায় নয়, নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত না হলে প্রযুক্তি ও মেধার ইতিবাচক ব্যবহার সম্ভব হবে না।

রোববার রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সমাজব্যবস্থা ও অর্থনীতি দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর হয়ে উঠছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য—সবক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে রাষ্ট্রীয় ও সামাজিক অনেক কাঠামো এখনও সেই পরিবর্তনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রকে আধুনিক ডিজিটাল কাঠামোয় রূপান্তরের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক কনটেন্ট প্রচারে গুরুত্ব দিতে হবে, যাতে তরুণ সমাজ সঠিক দিকনির্দেশনা পায়।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্বশীল ব্যক্তি বা রাষ্ট্রনায়কের নৈতিক ভিত্তি দুর্বল হলে তার পরিণতি শুভ হয় না। তাই শৈশব থেকেই শিশুদের মধ্যে মানবিক ও সুকুমার মূল্যবোধ গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার যথাযথ প্রতিফলন থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই উন্নত চিন্তাভাবনা ও মানবিক গুণাবলি নিয়ে বেড়ে উঠতে পারে।

মন্ত্রী আরও বলেন, অতীতে দেশে এমন একটি পরিবেশ ছিল, যেখানে ইতিবাচক উদ্যোগ বা সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা কঠিন ছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং মুক্ত মত প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সেমিনার শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)