×

ফতুল্লায় গ্যাসের আগুনে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন—মোহাম্মদ আবুল কালাম (৪৭), তার স্ত্রী সালমা বেগম (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (৭) ও কথা (৮)। তাদের মধ্যে আবুল কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমা বেগমের ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং কথার ৫২ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

পরে প্রতিবেশীরা সকাল পৌনে ৮টার দিকে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, পরিবারটি ফতুল্লার গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলায় বসবাস করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)