×

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণের পরও দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন।

গত ১২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও সেগুলো বছরের পর বছর চালু হয়নি।

খবরটি প্রকাশের পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের অবিলম্বে হাসপাতালগুলো পরিদর্শন করে দ্রুত চালুর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২ জুন ২০২৬-এর মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে আংশিক চালু থাকা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালুর তাগিদ দেন তিনি।

এদিকে, নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় নির্মিতব্য এ হাসপাতাল প্রকল্পটি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগে প্রায় দুই কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। উচ্চ দারিদ্র্য হার, সীমিত স্বাস্থ্য অবকাঠামো ও দক্ষ জনবলের অভাবে জটিল রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল চালু হলে এটি উত্তরাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)