
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। চা-বিরতির আগে বৃষ্টি নামলে খেলা থেমে যায়।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৮৯ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান। এখনও ৪ উইকেট হাতে রেখে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৬৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান।
দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৭৯ রান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিনের শুরুতে আজান আওয়াইসকে ১০৩ রানে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদও তাসকিনের শিকার হন মাত্র ৯ রান করে।
এরপর স্পিনার মেহেদি হাসান মিরাজ আঘাত হানেন পাকিস্তানের মিডল অর্ডারে। তিনি সৌদ শাকিলকে শূন্য রানে এবং আব্দুল্লাহ ফজলকে ৬০ রানে আউট করেন। এতে ২৩০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।
পরে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা ষষ্ঠ উইকেটে ১৫৭ বলে ১১৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ৮টি চারে ৫৯ রান করা রিজওয়ানকে আউট করে এই জুটি ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম।
রিজওয়ানের বিদায়ের পরপরই বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। সালমান আঘা ৫৫ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট শিকার করেছেন।
