×

আজ বিশ্ব মা দিবস

‘মা’— ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা বিশাল। এই একটি শব্দের মধ্যেই জড়িয়ে আছে পৃথিবীর সমস্ত মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসা ও নিরাপদ আশ্রয়ের অনুভূতি। মানুষের জীবনে সবচেয়ে আপন, সবচেয়ে মধুর এবং আবেগঘন শব্দগুলোর একটি হলো ‘মা’।

আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও ১০ মে পালিত হচ্ছে দিনটি।

মা দিবসের আধুনিক প্রচলনের সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে আন্না জার্ভিস নামের এক নারী তার মায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রথমবারের মতো মা দিবস পালন করেন। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘মাদার্স ডে’ হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে বিশ্বের নানা দেশে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে।

মা শুধু একজন অভিভাবক নন; তিনি সন্তানের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু ও সবচেয়ে নির্ভরতার জায়গা। জন্মের পর থেকে সন্তানের প্রতিটি ধাপে—লালন-পালন, শিক্ষা, মূল্যবোধ ও জীবনের সংগ্রামে মায়ের অবদান অপরিসীম। তাই মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন না হলেও, বিশ্ব মা দিবস সেই অনুভূতিকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। কেউ মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেউ উপহার দেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অনেকেই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন।

তবে অনেকেই মনে করেন, মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রতিদিনের আচরণ, যত্ন ও শ্রদ্ধার মধ্য দিয়েই মায়ের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়। কারণ একজন মা সন্তানের জীবনে শুধু একজন মানুষ নন, তিনি পুরো পৃথিবীর আরেক নাম।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)