×

পুলিশের মার্চপাস্টে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মে) শুরু হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং মার্চপাস্টে সালাম গ্রহণ করেন।

এবারের পুলিশ সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য। তিনি জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে পুলিশের সক্ষমতা ও আধুনিকায়ন ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে সরকার পুলিশ বাহিনীর উন্নয়নকে জননিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনা করছে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসন অনেকাংশে পুলিশের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর নির্ভরশীল। তিনি উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে অপরাধের ধরন দিন দিন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল ফরেনসিকস ব্যবহারে আরও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)