×

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৮ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধ্বজনগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে মোরছালিন (২২) এবং মধুপুর গ্রামের মহরম আলীর ছেলে নবীর হোসেন (৪০)। মোরছালিন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত দুইজনকে উদ্ধার করে কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, কয়েকজন চোরাকারবারির সঙ্গে মোরছালিনকে রাতে বাড়ি থেকে ডেকে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়। একই সময় নবীর হোসেনসহ আরও কয়েকজন ওই সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মোরছালিন ও নবীর হোসেন নিহত হন বলে দাবি করা হয়েছে। পরে মরদেহ বিএসএফ নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

মধুপুর গ্রামের বাসিন্দা মো. সবুর খান বলেন, সীমান্তে গুলিতে দুইজন নিহত হওয়ার খবর তারা পান। পরে নবীর হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে।

নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, তার বাবা সন্ধ্যা থেকে বাড়িতে ছিলেন না। পরে বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন সীমান্তে গুলির পর বিএসএফ মরদেহ নিয়ে গেছে।

ধ্বজনগর গ্রামের বাসিন্দা রিপন পাঠান বলেন, “রাতে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে মোরছালিন গুলিবিদ্ধ হন এবং অন্যরা আহত হয়ে পালিয়ে যায়।”

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গভীর রাতে অন্তত ১৫ জন বাংলাদেশি চোরাকারবারিদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করে। চোরাচালান চলাকালে ভারতের ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের টহল দল তাদের বাধা দেয়।

তিনি আরও বলেন, এ সময় বাংলাদেশি দিকের লোকজন বিএসএফ সদস্যদের ওপর চড়াও হলে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে মোরছালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন এবং পরে ভারতের ত্রিপুরার বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিমিউল ইসলামও ঘটনাটি নিশ্চিত করেছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)