×

মির্জা ফখরুল-ডা. জাহিদসহ ১৫ গুণীজনের হাতে উঠছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর স্মরণে প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এ সম্মানিত হয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তামিম ইকবাল এবং বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ মন্ত্রী ও বিভিন্ন অঙ্গনের গুণীজনরাও এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

পুরস্কারপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

গণমাধ্যম, সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন কামাল উদ্দিন সবুজ, মায়ের ডাক-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, আবদুল হাই শিকদার এবং সাংবাদিক আশরাফ কায়সার। শিল্প ও বাণিজ্য খাতে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার এবং ব্যবসায়ী আবদুল হক।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক এই স্বর্ণপদক প্রবর্তন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রতিবছর নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)