×

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্য থেকেই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।

শনিবার বিকেলে সিলেট স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠানে তিনি বলেন, গ্যালারিতে বসে থাকা প্রতিটি শিক্ষার্থী একেকজন বাংলাদেশের প্রতিনিধি। ভবিষ্যতে দেশের দায়িত্ব তাদেরই নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় নিজেকে গড়ে তোলার—পড়াশোনা, খেলাধুলা কিংবা সাংস্কৃতিক চর্চা—যে যার আগ্রহ অনুযায়ী এগিয়ে যেতে পারে, সরকার সেই সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে তিনি ক্ষুদে শিক্ষার্থীদেরই প্রধান অতিথি হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখন তাদের দিকেই তাকিয়ে আছে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব তাদের হাতেই থাকবে—এদের মধ্য থেকেই এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট তৈরি হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যত ভালোভাবে নিজেদের গড়ে তুলবে, ততই শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বাংলাদেশ। আগামীর উন্নত দেশ গঠনে তাদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের সূচনার পেছনের গল্প তুলে ধরে জানান, কয়েক বছর আগে আলোচনার মাধ্যমে এই কর্মসূচির ধারণা আসে, যার লক্ষ্য হলো সারা দেশে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা।

অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে প্রদর্শনী করে। প্রধানমন্ত্রী তাদের পারফরম্যান্স উপভোগ করেন এবং উৎসাহ দেন।

পরে তিনি সারা দেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এর ট্রফি ও লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে, যা আশির দশকের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ উদ্যোগের ধারাবাহিকতা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)