×

জিয়াউর রহমানের কর্ম ও দর্শন নিয়ে গবেষণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিক, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন এবং শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমের কর্মময় জীবন, দেশপ্রেম ও মানবিক গুণাবলিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ছিলেন সৎ, আদর্শবান ও নিরহংকার ব্যক্তিত্ব, যিনি পেশাগত ও ব্যক্তিগত জীবনে অসামান্য অবদান রেখেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের জন্য কাজ করেছেন এবং একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তার জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

তিনি আরও বলেন, তাকে দীর্ঘদিন কাছে না পাওয়াটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হলেও তার আদর্শ ও কর্ম চিরকাল মানুষকে পথ দেখাবে। তরুণদের তার জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত।

জিয়া পরিষদের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন ও রাষ্ট্র পরিচালনা নিয়ে আরও গবেষণা জরুরি। এ ক্ষেত্রে জিয়া পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করে জনগণের কাছে ইতিহাসভিত্তিক সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. মো. আবদুল লতিফ বলেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস শুধু একজন সংগঠকই নন, তিনি ছিলেন একজন আলোকিত ও মানবিক মানুষ, যিনি নীরবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জিয়া পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা বক্তব্য দেন। তারা মরহুমের কর্মজীবন, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের প্রশংসা করেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)