
বদলি বেঞ্চ থেকে নেমেই গোল করলেন লিওনেল মেসি। তাঁর গোলের সুবাদে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয় ধরে রেখে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে চমক জাগানো কেপ ভার্দে।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। আর বিশ্বকাপের ইতিহাসে তাঁর মোট গোল এখন ১৯টি।
আগেই নকআউট নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্কালোনি এদিন মেসিকে শুরুর একাদশে রাখেননি। টেক্সাসে ম্যাচের এক ঘণ্টা পর মাঠে নামতেই গ্যালারিজুড়ে করতালির ঝড় ওঠে। ম্যাচের শেষদিকে ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় আরও নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে তারা আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। তিনটি ম্যাচেই গোল করেছেন মেসি।
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেও প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জিওভানি লো সেলসো গোল করে দলকে এগিয়ে দেন। পরে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ দিয়ে ব্যবধান কমান। তবে ম্যাচে ফেরার সেই আশা বেশিক্ষণ টিকতে দেননি মেসি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে সহজ এক ফ্রি-কিক থেকে গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী একাদশে নয়টি পরিবর্তন এনেছিলেন স্কালোনি। আগের ম্যাচের দল থেকে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে রেখেছিলেন তিনি।
অন্যদিকে, আলজেরিয়া ও অস্ট্রিয়ার কাছে হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় জর্ডানের জন্য ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবুও তারা লড়াইয়ের চেষ্টা করলেও শক্তিশালী আর্জেন্টিনার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি।
এখন শেষ ৩২-এর লড়াইয়ে ৩ জুলাই মিয়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
