×

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ইকুয়েডর

জার্মানি–ইকুয়েডর ম্যাচের আগে ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল ডর্টমুন্ড চিড়িয়াখানার ওরাংওটাং ‘ওয়াল্টার’। তার পূর্বাভাস ছিল, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে জিতবে ইকুয়েডর। শেষ পর্যন্ত অবিশ্বাস্য সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো।

এর আগে চলতি বিশ্বকাপে ওয়াল্টারের করা দুটি ভবিষ্যদ্বাণীও মিলেছিল। এবারও ব্যতিক্রম হয়নি।

তবে ম্যাচের শুরুটা ছিল ইকুয়েডরের জন্য দুঃস্বপ্নের। দ্বিতীয় মিনিটেই বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন লিরয় সানে।

পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। নবম মিনিটে নিলসন আনহুলো দারুণ এক গোলে সমতা ফেরান। বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর নিখুঁত শটে পরাস্ত হন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। চলতি বিশ্বকাপে এটিই ছিল ইকুয়েডরের প্রথম গোল।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে দক্ষিণ আমেরিকার দলটি। দ্বিতীয়ার্ধে গঞ্জালো প্লাতার জয়সূচক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দেয় ইকুয়েডর।

এই জয়ে গ্রুপের সেরা তৃতীয় দলগুলোর তালিকায় শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা।

অন্যদিকে হারলেও ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে জার্মানি। সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে আইভরিকোস্ট, যারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে জার্মানি। আগামী ২৯ জুন শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে এ, বি, সি, ডি অথবা এফ গ্রুপের কোনো সেরা তৃতীয় দল।

ইকুয়েডরের এই জয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার দৌড়ে থাকা স্কটল্যান্ডের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।

অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া ক্ষুদ্র দেশ কুরাসাও তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে। তবে জনসংখ্যার বিচারে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে একটি ম্যাচ ড্র করতে পারাও তাদের জন্য উল্লেখযোগ্য অর্জন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)