×

টানা তিন জয়ে নকআউটে মেক্সিকো

গ্রুপ পর্বে টানা তিন জয়ে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে মেক্সিকো। বুধবার আজটেকা স্টেডিয়ামে গ্রুপ-এ’র শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচে জয় পেয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল মেক্সিকো। ফলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচটি ছিল তাদের জন্য নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও আধিপত্য দেখিয়ে অনায়াস জয় তুলে নেয় দলটি।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৫ মিনিটে মাতেও শাভেজের গোলে এগিয়ে যায় মেক্সিকো। ছয় মিনিট পর চেক রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান কুইনোনেস।

ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আলভারো ফিদালগো তৃতীয় গোল করে মেক্সিকোর বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে গ্রুপ-এ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় মেক্সিকো। আগামী ৩০ জুন একই ভেন্যু আজটেকা স্টেডিয়ামে তারা নকআউট পর্বের ম্যাচ খেলবে। অন্যদিকে, গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ হলো চেক প্রজাতন্ত্রের।

ম্যাচটির দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক এর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনন্য কীর্তি গড়েন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)