
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “২০০৬ সালে আমরা ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি। এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে, তাই সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে। পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।”
মঙ্গলবার চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, বিগত সময়ে প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার বড় চ্যালেঞ্জ ছিল, যা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং পরীক্ষা কেন্দ্রের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
