
ভোলার লালমোহন উপজেলায় বালুভর্তি ট্রাক পারাপারের সময় আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. আল-আমিন (১২) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজহার রোডের পূর্বপ্রান্তে বেতুয়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার সালাহউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি ট্রাকটি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চালক ও হেলপারকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক নাইমকে মৃত ঘোষণা করেন। আহত হেলপার আল-আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
