×

নিষিদ্ধ দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে : রেলপথ মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে জনগণ বর্জন করেছে। জাতি তাদের নিষিদ্ধ চেয়েছে বলেই তারা নিষিদ্ধ হয়েছে।

তিনি বলেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করতে গিয়ে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে।

আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তে ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, “জাতি তাদের নিষিদ্ধ চেয়েছে বলে গণঅভ্যুত্থান হয়েছে, তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

শেখ রবিউল আলম জানান, বর্তমান সরকারের ৫ বছরের পরিকল্পনায় ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে রেলপথ মন্ত্রণালয় এ বছর ১ লাখ ৬০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের জায়গায় পরিবেশ উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নও করা হবে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, রেল সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)