
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থীর নাম বিপ্লব চন্দ্র আবির (১৫)। তিনি ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি উপজেলার আলাদীপুর ইউনিয়নের গোকুল সেনোরা গ্রামে। তিনি ভ্যানচালক বিজন মণ্ডল ও সংকরী রানী দম্পতির ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে নামে আবির। সহপাঠীরা জানান, গোসলের একপর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়লে তাকে পুকুরপাড়ে উঠিয়ে দেওয়া হয়। পরে অন্যরা আবার পানিতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও আবিরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
পুকুরপাড়ে তার স্কুলব্যাগ, জুতা ও সাইকেল পড়ে থাকতে দেখে সহপাঠীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে ধারণা করা হয়, সে আবার পানিতে নেমে নিখোঁজ হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের স্টেশন সহকারী রেদওয়ানুজ্জামান জানান, ডুবুরি দলের সংকট থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা জটিলতা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় দুই মৎস্যজীবী শিবু সরকার (৪০) ও স্বপন (৩৬) পুকুরে নেমে অনুসন্ধান চালান। পরে সন্ধ্যা ৬টার দিকে তারা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে আবিরের মরদেহ উদ্ধার করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান বলেন, রংপুর ও কুড়িগ্রাম থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় মরদেহ উদ্ধার সম্ভব হয়।
ঘটনার পর বিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোক ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়। সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের ভিড়ে পুকুরপাড় ভারী হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের এ পুকুরে অতীতেও পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
