×

টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্থানীয় ১৫ জন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম টাঙ্গাইল সফর। এ উপলক্ষে দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

সরকারের এই উদ্যোগের আওতায় কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা কৃষক কার্ডের মাধ্যমে নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।

পেশাজীবী হিসেবে কৃষকদের স্বীকৃতি প্রদান, তাদের আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।

এর আগে সোমবার কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হবে। পরে পাইলটিং শেষে বড় পরিসরে কৃষক কার্ড বিতরণ করা হবে। আগামী চার বছরের মধ্যে সারাদেশে এই কার্যক্রম সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)