×

শিশুদের জন্য উপযোগী বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী আবু জাফর জাহিদ হোসেন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ শিশুদের জন্য উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের যথাযথ পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে শিশুদের উন্নয়নের প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। তার উদ্যোগেই বাংলাদেশ শিশু একাডেমি ও শিশু পার্ক প্রতিষ্ঠিত হয় এবং জেলা পর্যায় পর্যন্ত এর কার্যক্রম সম্প্রসারিত হয়। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে শিশুদের বিকাশে একাডেমি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পায়নি বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুদের অধিকার রক্ষায় সরকার অত্যন্ত সচেতন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের সার্বিক বিকাশে কাজ করা হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি তাদের মননশীলতা, চিন্তাশক্তি এবং নেতৃত্বগুণ বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন বলেন, শিশু একাডেমির এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশজ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের সৃজনশীল বিকাশে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিশু একাডেমির শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবক এবং সাংবাদিকরা।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)