×

দেশের ৬০ শতাংশ জমিই কৃষি উৎপাদনের আওতায়: কৃষিমন্ত্রী

দেশে বর্তমানে প্রায় ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর (২ কোটি ১৮ লাখ একর) আবাদযোগ্য কৃষিজমি রয়েছে, যা দেশের মোট আয়তনের প্রায় ৫৯ দশমিক ৭ শতাংশ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ণ, আবাসন নির্মাণ ও শিল্পায়নের কারণে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ আবাদযোগ্য জমি হারিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, এ লক্ষ্যে সম্প্রতি ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে, যা কৃষিজমি রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, এক ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের উন্নতমানের বীজ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদান করা হচ্ছে, যাতে তারা কৃষিকাজে আরও উৎসাহিত হন।

তিনি বলেন, সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের কৃষিজমি অকৃষি খাতে বিক্রি বা ইজারা না দিয়ে আবাদ কার্যক্রম অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করা এবং দেশের খাদ্য উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)