×

অনার্সে বাংলা-ইতিহাস বাদ দেওয়ার গুঞ্জন ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ের শিক্ষাক্রম থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কোনো আলোচনা হয়নি। আমার জানা মতে, এ ধরনের কোনো প্রস্তাবও নেই। এসব তথ্য সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।”

তিনি জানান, বর্তমান সরকার উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করতে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈশ্বিক শ্রমবাজার ও শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন বিষয় ও কোর্স শিক্ষাক্রমে যুক্ত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, “ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ বাড়িয়ে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আমরা কাজ করছি। তবে নতুন কোর্স চালুর অর্থ এই নয় যে, ঐতিহ্যবাহী বা মৌলিক বিষয়গুলো বাদ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিয়মিতভাবে পাঠ্যক্রম পর্যালোচনা ও হালনাগাদ করে থাকে। একই সঙ্গে শিক্ষক সংকটসহ বিভিন্ন একাডেমিক সমস্যা সমাধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভিত্তিহীন গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করাই সবার জন্য শ্রেয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)