×

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় বিটিভি এবার প্রায় বিনা খরচেই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে সক্ষম হবে।

আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে (পিআইডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, পূর্বে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। তবে বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে এ প্রক্রিয়া সম্পন্ন করেছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। ফিফার কাছ থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান শুরুতে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সে প্রস্তাবে সম্মত না হয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়।

এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং এর সভাপতি তাবিথ আউয়ালকে যুক্ত করা হয় বলেও জানান তিনি। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য ধরা হয়েছে ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

তিনি জানান, সম্প্রচার স্বত্বের প্রায় পুরো অর্থই টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে। ফলে বিটিভির ওপর কোনো আর্থিক চাপ পড়বে না।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের লক্ষ্য জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী সেবায় নিয়োজিত রাখা।

তিনি ফুটবলপ্রেমীদের অভিনন্দন জানিয়ে বলেন, সব জটিলতা কাটিয়ে এবার দেশের কোটি কোটি দর্শক বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিটিভির মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)