
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরে একাদশে জায়গা পেয়েছেন অফ-স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তিনি সর্বশেষ ২০২২ সালের আগস্টে এই ফরম্যাটে খেলেছিলেন। ২০১৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৩টি ওয়ানডেতে ৬৩৪ রান ও ১৭ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
মোসাদ্দেককে নিয়ে তিন স্পিনার সমন্বয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে অলরাউন্ডার লিয়াম স্কটের।
এ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ২২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একটিতে, অস্ট্রেলিয়া জয় পেয়েছে ২০ ম্যাচে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
