
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৭ জুন) দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন।
সফর উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।
চীন সফরকালে তথ্যমন্ত্রী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ‘পঞ্চম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।
এ ছাড়া সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা সম্প্রসারণ, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বিশেষভাবে বাংলাদেশ ও চীনের মধ্যে তথ্য ব্যবস্থাপনা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা নতুন মাত্রা পাবে এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
