×

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি এ ধন্যবাদ জানান।

এ সময় তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকারও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, হৃদয়বিদারক এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেপ্তার সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানেরই প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তি পাবে।

এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতেও একই ধরনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত অন্যান্য সদস্যরাও এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন। পাশাপাশি অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)