×

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি এগিয়ে আনতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৭ জুন — রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সিরিয়ালে কিছুটা এগিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ও পুলিশি তদন্ত ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও চার্জশিট দাখিল সম্পন্ন হয়েছে। বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও ঈদের ছুটি বাতিল করে বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন, যা রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ।

তিনি বলেন, রামিসা হত্যা মামলাসহ সাম্প্রতিক কয়েকটি চাঞ্চল্যকর মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এ ধরনের ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কোনো সদস্যের নিষ্ক্রিয়তা বা অপরাধে জড়িত থাকার ঘটনা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের তৎপরতায় অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আগামী ৮ জুন থেকে নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনের বিষয়ে তিনি বলেন, সীমান্তে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা এবং অন্যান্য নিরাপত্তা-সংক্রান্ত বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। এ সময় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে কৌশলগত কারণে বিশেষ অভিযানের তথ্য আগাম প্রকাশ করা হয় না।

তিনি আরও জানান, মাদক ও জুয়া-সংক্রান্ত অপরাধ দমনে বিদ্যমান আইনের দুর্বলতা দূর করতে সরকার যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ করছে। এসব সংস্কার সম্পন্ন হলে অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)