
২০২৬ ফুটবল বিশ্বকাপে স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে সমর্থক গোষ্ঠী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাদের তীব্র সমালোচনার মুখে সেই অবস্থান থেকে সরে এসেছে সংস্থাটি। এখন নির্দিষ্ট ধরনের পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার, নরম প্লাস্টিকের এবং ফ্যাক্টরি-সিলড একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
তবে নিরাপত্তাজনিত কারণে শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য বোতল বহনের অনুমতি থাকবে না বলেও জানিয়েছে ফিফা।
এর আগে ফিফার স্টেডিয়াম নীতিমালায় উল্লেখ ছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল সঙ্গে নিতে পারবেন। কিন্তু গত মঙ্গলবার প্রকাশিত নীতিমালার সংশোধিত সংস্করণে জানানো হয়, পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
সেই সময় ফিফা বলেছিল, খেলোয়াড়, রেফারি, দর্শক ও স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি ও দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে বোতল নিষিদ্ধ করার কথা উল্লেখ করা হয়।
তবে বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি থাকার পূর্বাভাস থাকায় এ সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গরম আবহাওয়ায় দর্শকদের পানিশূন্যতার ঝুঁকির কথা তুলে ধরে অনেকে ফিফার সিদ্ধান্তের বিরোধিতা করেন।
শেষ পর্যন্ত সমালোচনার মুখে অবস্থান পরিবর্তন করে ফিফা। ফলে বিশ্বকাপ চলাকালে নির্ধারিত শর্ত মেনে পানির বোতল সঙ্গে নেওয়ার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সমর্থকরা।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের।
