
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ২৫টি পরিচালক পদের মধ্যে ১৫টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ১০টি পরিচালক পদ কার্যত নির্ধারিত হয়ে গেছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকি দুটি পদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনয়ন দেবে।
ক্যাটাগরি-১ এ ফেনী জেলা ক্রীড়া সমিতির শরিফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করায় চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক জাতীয় দলের অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ঢাকা বিভাগ থেকে সৈয়দ বিন জামান ও এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমিন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
খুলনা ও বরিশাল বিভাগে ভোট অনুষ্ঠিত হবে। এই দুই বিভাগ থেকে মোট তিনজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনার দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালের একটি পদের জন্য লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।
ক্লাব ক্যাটাগরিতেও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান মনোনয়ন প্রত্যাহার করলেও ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্লাব ক্যাটাগরির প্রার্থীরা হলেন— ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ফয়জুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানীম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম এবং অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ।
পরিচালক পদে ভোটগ্রহণ শেষে একই দিনে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাতে ঢাকায় ক্লাব ক্যাটাগরির ১৬ প্রার্থী কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তারা নিজেদের পরিচিতি তুলে ধরে সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে বিসিবির অস্থায়ী সভাপতি তামিম ইকবাল সম্ভাব্য পরিচালকদের ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “প্রার্থীদের মধ্যে ক্রিকেটার, ব্যবসায়ী, চিকিৎসক এবং রাজনৈতিক পরিবারের সদস্য রয়েছেন। কিন্তু মিরপুর স্টেডিয়ামে প্রবেশের পর ব্যক্তিগত পরিচয় নয়, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এই দায়িত্বে বসার পর একমাত্র লক্ষ্য হবে দেশের ক্রিকেটের সেবা করা।”
তামিম আরও বলেন, “ব্যক্তিগত পরিচয় নয়, খেলার জন্য কাজ করার আন্তরিক ইচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি ক্রিকেট প্রশাসনে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। তরুণ ও উদ্যমী প্রার্থীদের প্রতি আস্থা রেখে তামিম বলেন, অভিজ্ঞতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন প্রজন্মের নেতৃত্বও ক্রিকেটের অগ্রগতিতে বড় ভূমিকা রাখতে পারে।
তামিম আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বিসিবিতে স্থিতিশীলতা ফিরে আসবে। “গত দেড় থেকে দুই বছরে অনেক পরিবর্তন হয়েছে। আশা করি, নির্বাচনের পর যে নেতৃত্বই আসুক, তারা একটি স্থিতিশীল বোর্ড গঠন করবে এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখবে।”
