
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় সরকার দেশের ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির অতিরিক্ত চাপের বাইরে রেখেছে।
শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয় বিষয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারের অঙ্গীকার ছিল নিম্নআয়ের মানুষের স্বার্থ রক্ষা করা। ফলে নতুন সিদ্ধান্তে দেশের প্রায় ৬৫ শতাংশ সাধারণ ও স্বল্প আয়ের গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতার বাইরে থাকবেন।
তিনি বলেন, বিইআরসি একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নির্ধারিত নীতিমালার আলোকে মূল্য সমন্বয় করেছে। তবে সরকার এমন ব্যবস্থা নিয়েছে যাতে মূল্যবৃদ্ধির প্রভাব মূলত উচ্চ আয়ের গ্রাহকদের ওপর পড়ে এবং প্রান্তিক জনগোষ্ঠী সুরক্ষিত থাকে।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি মূল্য সমন্বয়ের প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা এবং এর সামগ্রিক প্রভাব তুলে ধরেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার কারণে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি দাবি করেন, অতীতে দেশীয় জ্বালানি সম্পদ আহরণে কার্যকর পরিকল্পনার অভাব থাকায় বর্তমানে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতা বেড়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা কাটিয়ে খাতটিকে স্থিতিশীল করতে সময় লাগবে। তবে বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও জানান, বিদ্যুৎ খাতে সরকারকে এখনও প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। একই সঙ্গে খেলাপি ঋণ, অর্থপাচার ও অনানুষ্ঠানিক অর্থনীতির প্রভাবও দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তথ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদানের একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে চায়। এজন্য গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও তথ্য সরবরাহ অব্যাহত থাকবে।
গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে সব তথ্য জনগণের কাছে নিয়মিতভাবে পৌঁছে দেওয়া হবে।
