
সাতক্ষীরা জেলাতে নিজ ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৩ জুন সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই সাতক্ষীরা সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার নিজ ঘরের বিছানার ওপর উপুড় অবস্থায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে সুলতানপুর এলাকায় তার বিয়ে হয়। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামীর মৃত্যু হলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পরে বাবার বাড়ির পাশেই একটি ভাড়া ঘরে বসবাস করতেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
