×

বর্তমান সরকারের আমলে জনগণ বাকস্বাধীনতা ভোগ করছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে কোনো ধরনের আতঙ্কের পরিবেশ নেই এবং জনগণ পূর্ণভাবে বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিপীড়ন বা হয়রানির শিকার হতে হচ্ছে না, যা গণতন্ত্রের অন্যতম প্রধান সুফল।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে হবে।

বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার আরও বলেন, দেশের একটি বড় অংশ এখনো অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তাই ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে একসঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নিয়ে মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তার মতে, দেশের উন্নয়ন ও কল্যাণে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমকালীন বিশ্ব পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে স্পিকার বলেন, বিভিন্ন মুসলিম দেশ বর্তমানে আন্তর্জাতিক চাপ ও সংকটের মুখে রয়েছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিজ জন্মভূমিতে ঈদ উদযাপন করতে পারা তাঁর জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন, তবে সেই স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বহু ত্যাগ ও সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক ধারা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)