×

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সকল মানুষের সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত হলে একটি কাঙ্ক্ষিত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের সম্মানে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা যে বাংলাদেশ দেখতে চান, সরকার ধাপে ধাপে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমাদের সবারই নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর রহমত ও দিকনির্দেশনা নিয়ে দেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অফিসার, সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান ঢাকা সেনানিবাসে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এই এলাকার সঙ্গে তাঁর জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং সেনানিবাসে এলেই সেই স্মৃতিগুলো নতুন করে মনে পড়ে।

সেনা সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সময় তাদের পরিবার-পরিজনের কাছ থেকে দূরে থাকতে হয়। ঈদের মতো উৎসবের দিনেও দায়িত্ব পালনে নিয়োজিত থাকায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার সেনাসদস্যদের দায়িত্ব পালন ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)