
রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর শনিবার তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় সেখানে বসবাসরত শিশুদের খোঁজখবর নেন এবং তাদের খাদ্য, চিকিৎসাসেবা ও সার্বিক কল্যাণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে ঈদ উপলক্ষে শিশুদের জন্য উন্নতমানের খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে কি না, তা তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
এ সময় শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তিনি।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও শিশুদের প্রতি বিশেষভাবে যত্নশীল এবং তাদের উন্নয়ন ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের সর্বস্তরের মানুষেরও নৈতিক দায়িত্ব। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য আরও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
