
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য শনিবার ঢাকার আমিন বাজারের চামড়া বিক্রয় কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কাঁচা চামড়ার ক্রেতা, বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চামড়া সংগ্রহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম বা সিন্ডিকেটের কারণে যাতে চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
