×

ত্যাগের মহিমা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ধারণ করে দেশ ও সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, সংযম ও মানবকল্যাণ। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মনের পশুত্ব, লোভ-লালসা ও সংকীর্ণতা পরিহার করে একটি উন্নত, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। দেশের স্বার্থে এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এর সুফল দেশের মানুষ ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে অনুভব করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সরকারের উন্নয়ন যাত্রা এগিয়ে চলছে। দেশের অগ্রযাত্রা আরও বেগবান করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে।

এ সময় তিনি চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে প্রতিমন্ত্রী মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)