×

অভিষেকেই হারমানের রেকর্ড সেঞ্চুরি, নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

অভিষেক ম্যাচেই রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে নামিবিয়াকে ৯৯ রানে হারিয়েছে প্রোটিয়ারা। অভিষেক ওয়ানডেতেই দুর্দান্ত ১৫০ রানের ইনিংস খেলেছেন জর্ডান হারমান।

অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসে সতীর্থ ম্যাথু ব্রিটস্কির রেকর্ড স্পর্শ করেছেন হারমান। গত বছরের ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৫০ রান করেছিলেন ব্রিটস্কি। ফলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন যৌথভাবে ব্রিটস্কি ও হারমানের।

উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার হিসেবে নেমে ১৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৬ বলে ১৫০ রান করেন হারমান।

এ ছাড়া টনি ডি জর্জি ৭২, ডেওয়াল্ড ব্রেভিস ৩৩ এবং কর্বিন বশ ৩৯ রান করেন। দ্বিতীয় উইকেটে হারমান ও জর্জি ১৬৭ বলে ১৯০ রানের জুটি গড়েন।

নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান ৬৮ রানে ৪টি উইকেট নেন।

জবাবে ২১ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে নামিবিয়া। এরপর বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকলে ৩৮ ওভারে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০১ রান।

১৫ বল খেলার পর আবারও বৃষ্টিতে খেলা বন্ধ হলে ৩১ ওভারে ২৬২ রানের নতুন লক্ষ্য পায় নামিবিয়া। শেষ পর্যন্ত ৩১ ওভারে ৮ উইকেটে ১৬২ রান তুলে ম্যাচ হারে তারা।

নামিবিয়ার হয়ে মালান ক্রুগার ৩৪ এবং জেজ স্মিথ ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন ৪টি উইকেট নেন। ম্যাচসেরা হন জর্ডান হারমান।

আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)