×

দিনাজপুরে ৪ হাজার ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ, সার ও গাছের চারা বিতরণ

দিনাজপুর সদর উপজেলার ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের খরিফ-২ মৌসুমে রোপা আমনের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ প্রণোদনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। কৃষিকে আধুনিকায়ন এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি দিনাজপুরকে একটি পূর্ণাঙ্গ কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর এবং কৃষকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি ১৯৯১ সালের ভয়াবহ বন্যার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে সার ও বীজ সরবরাহের বিষয়টি স্মরণ করেন। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের আমন আবাদে সরাসরি প্রণোদনা দিচ্ছেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

পরে অতিথিরা কৃষকদের হাতে বীজ, সার ও গাছের চারা তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের বিপুলসংখ্যক কৃষক অংশ নেন।

কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৪ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৬ কেজি উন্নতমানের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবু বকর ছিদ্দীক এবং কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)