
পাকিস্তানে অনুষ্ঠিতব্য ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। চলতি আসরের গ্রুপ পর্বে শীর্ষ চারের অবস্থান নিশ্চিত করায় আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
গ্রুপ-১-এ চার ম্যাচে দুটি জয় ও দুটি হারে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। একই গ্রুপে চার ম্যাচে চার হারে এখনও পয়েন্টের মুখ দেখেনি পাকিস্তান ও নেদারল্যান্ডস। শেষ ম্যাচ জিতলেও তারা শীর্ষ চারে উঠতে পারবে না। তবে স্বাগতিক হওয়ায় ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে পাকিস্তান।
গ্রুপ-১ থেকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৮ পয়েন্ট), ভারত (৪ ম্যাচে ৬ পয়েন্ট) এবং দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৬ পয়েন্ট)।
অন্যদিকে গ্রুপ-২ থেকে ইংল্যান্ড (৪ ম্যাচে ৮ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (৪ ম্যাচে ৬ পয়েন্ট), শ্রীলঙ্কা (৫ ম্যাচে ৬ পয়েন্ট) এবং নিউজিল্যান্ড (৪ ম্যাচে ৪ পয়েন্ট) শীর্ষ চার নিশ্চিত করে ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে।
এই গ্রুপে পাঁচ ম্যাচে এক জয় ও ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে স্কটল্যান্ড। আর চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া আয়ারল্যান্ডেরও সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ জুলাই পর্যন্ত আইসিসির নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অতিরিক্ত একটি দল সুযোগ পাবে। বর্তমানে ২০১ রেটিং নিয়ে নবম স্থানে থাকায় সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।
এদিকে, ২০২৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। ৬ জুলাই পর্যন্ত আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কা খেলবে এ আসরে। বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
