
টানা দুই ম্যাচ হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল তিউনিসিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। অন্যদিকে ডাচদের লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠা। সেই লক্ষ্য পূরণে কোনো ভুল করেনি তারা।
কানসাস সিটিতে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ডাচদের। প্রথম মিনিটেই ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন তিউনিসিয়ার ইলিয়াস স্কিরি। শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস।
শুরুর ধাক্কা সামলানোর আগেই আরও বিপদে পড়ে তিউনিসিয়া। সপ্তম মিনিটে ব্রায়ান ব্রবি গোল করে ব্যবধান ২-০ করেন। সুইডেনের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ড আবারও গোলের দেখা পেয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিসিয়া। ৫৪তম মিনিটে হাজেম মাসতৌরি দারুণ এক হেডে গোল করে ব্যবধান ২-১ করেন। এতে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
৬২তম মিনিটে তিজানি রেইন্ডার্সের নিখুঁত কর্নার থেকে ইয়ান পল ফান হেকে হেডে গোল করে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা।
এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো।
একই গ্রুপ থেকে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। আর চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে সুইডেন।
অন্যদিকে টানা তিন পরাজয়ে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ শেষ করেছে তিউনিসিয়া।
