×

ডেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল নরওয়ে

ওসমানে ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। দাপুটে এই জয়ে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লে ব্লুজরা।

ম্যাচটি ঘিরে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দ্বৈরথ নিয়ে আলোচনার কমতি ছিল না। তবে নরওয়ের কোচ স্টালে সোলবাকেন বিশ্রাম দেন হালান্ডকে। অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও স্ট্রাইকার আলেকজান্ডার সরলোথও ছিলেন শুরুর একাদশের বাইরে।

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নরওয়ের রক্ষণে ঝড় তোলেন ডেম্বেলে। সপ্তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। ২০তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি ফরোয়ার্ড।

পরের মিনিটেই থেলো আসগার্ড একটি গোল শোধ দিয়ে নরওয়েকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। তবে ৩২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে সব আশা শেষ করে দেন ডেম্বেলে।

বিশ্বকাপের ইতিহাসে এটি অন্যতম দ্রুততম হ্যাটট্রিক। ১৯৫৪ সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিখ প্রোবস্ট ২৪ মিনিটে হ্যাটট্রিক করে যে রেকর্ড গড়েছিলেন, সেটিই এখনও দ্রুততম।

ইরাকের বিপক্ষে আগের ম্যাচেও গোল করেছিলেন ডেম্বেলে। তিন ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন চার। ফলে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের ওপর আক্রমণভাগের চাপ অনেকটাই কমেছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নরওয়ে। অস্কার ববকে বক্সে ফেলে দিলে স্পট-কিক পায় দলটি। কিন্তু জর্গেন স্ট্র্যান্ড লারসেনের দুর্বল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়াঁ।

যোগ করা সময়ে ডিসাইরে দুয়ের হেডে আসে ফ্রান্সের চতুর্থ গোল। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল।

এই জয়ে তিন ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান দখল করে নকআউটে উঠেছে ফ্রান্স। গ্রুপ পর্বে তিন ম্যাচে ১০ গোল করেছে তারা। আগামী বৃহস্পতিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে একটি সেরা তৃতীয় দলের মুখোমুখি হবে ফরাসিরা।

কোচ দিদিয়ের দেশম মায়ের মৃত্যুতে দেশে ফিরে যাওয়ায় এ ম্যাচে দলের দায়িত্বে ছিলেন সহকারী কোচ গি স্তেফাঁ। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া দেশম শনিবার আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে হারলেও তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে। আগামী মঙ্গলবার ডালাসে শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আইভরিকোস্ট।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ডেম্বেলে ফরাসি ফুটবলের কিংবদন্তিদের কাতারে নাম লিখিয়েছেন। এর আগে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন শুধু জুস্ত ফঁতেন (১৯৫৮ সালে দুইবার) এবং কিলিয়ান এমবাপ্পে (২০২২ সালের ফাইনালে)।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)