×

দিনাজপুরে অভিযানে গিয়ার চাকুসহ আটক এক

দিনাজপুর শহরে চাঁদাবাজির সময় একটি অত্যাধুনিক গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তার সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে গিয়ার চাকুসহ কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলমের তত্ত্বাবধানে ডিবি পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বাহাদুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে মালামালবাহী ট্রাকচালক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টার সময় শহরের পাহাড়পুর মহল্লার বাসিন্দা মো. তাহি (২২)কে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকুসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার দুই সহযোগী—কাঞ্চন কলোনির মো. ফাহিম (২২) এবং পাহাড়পুর মহল্লার মো. মাসুদ (২৫)—পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের দাবি, পলাতক ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাহাদুর বাজার এলাকায় ব্যবসায়ী ও বাইরে থেকে আসা পণ্যবাহী ট্রাক ও পিকআপচালকদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া মো. তাহিকে বুধবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)