
আনভিল বাপ্পি, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আব্দুল হাদির সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওছার শেখ।
এসময় আরও বক্তব্য দেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, ঘোড়াঘাট উপজেলার চারটি গ্রাম আদালতে এ পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিষয়ে মোট ৪৭৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৪৩১টি মামলার নিষ্পত্তি করা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরে।
