×

ব্যক্তিগত আক্রোশ প্রকাশ ও চরিত্রহনন কখনোই বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ : আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তি আক্রোশ, আক্রমণ বা কারও চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এগুলো স্পষ্টতই অপরাধ।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

তিনি বলেন, সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে—একজন কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাচ্ছিল্যসূচক মন্তব্য করছে এবং সেখানে উপস্থিত সাবেক এক উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। একজন প্রধানমন্ত্রীর প্রতি সম্মানজনক ভাষা ব্যবহার করা উচিত, যা ওই কিশোরীর মধ্যে অনুপস্থিত ছিল—এটি সামাজিক অবক্ষয়ের লক্ষণ।

আতিকুর রহমান রুমন আরও বলেন, এ ধরনের আচরণ নতুন প্রজন্মকে ভুল বার্তা দেয় এবং অন্যদেরও বিভ্রান্ত করতে পারে। তাই সন্তানদের সঠিক শিক্ষা ও সম্মানজনক ভাষা ব্যবহারে অভ্যস্ত করা জরুরি।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং জনগণের স্বার্থে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন, যা সবার ইতিবাচকভাবে দেখা উচিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)