×

ফ্যামিলি কার্ড ও টিসিবির চালসহ আটক জামায়াত নেতা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চাল ও সরকারি স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যক্তিগত বাসভবনে মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে।

সোমবার (২৫ মে) রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাকিল শিকদার স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, সরকারি নিয়ম অনুযায়ী দিনের বেলায় কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করার কথা। কিন্তু গভীর রাতে বিপুল পরিমাণ চাল ও অসংখ্য স্মার্ট ফ্যামিলি কার্ড একটি ব্যক্তিগত বাড়িতে নিয়ে যাওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে সরকারি চাল আত্মসাতের অপচেষ্টা হিসেবে দেখছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাকিল শিকদার। তিনি দাবি করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তার ভাষ্য অনুযায়ী, তার ছোট ভাই দীর্ঘদিন ধরে টিসিবি সুবিধাভোগীদের পণ্য সংগ্রহে পারিশ্রমিকের ভিত্তিতে সহযোগিতা করে আসছেন। নিরাপত্তার কারণে সাময়িকভাবে চালগুলো তাদের বাসায় রাখা হয়েছিল।

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)