
সারা দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ইউনিসেফের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২০০,০০০ আইইউ ও ১০০,০০০ আইইউ) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভায় এ সুপারিশ করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়, জরুরি এই পুষ্টি উপাদানের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্রয়ের জন্য নীতিগত অনুমোদন প্রয়োজন। পরে কমিটি এ প্রস্তাবে সম্মতি জানিয়ে অনুমোদনের সুপারিশ করে।
এদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি পৃথক প্রস্তাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য বর্তমান ঠিকাদারকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরবর্তী মেয়াদে নিয়োগের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
প্রস্তাবে বলা হয়, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ছয় মাস অথবা নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত একই দর ও শর্তে বর্তমান ঠিকাদার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করবে।
