×

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে এ চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোকে পরিচ্ছন্নতা বজায় রাখা ও ‘ক্লিন সিটি’ গড়ে তোলার নির্দেশ দেন। তিনি জলাবদ্ধতা নিরসনে খাল ও নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রশাসকদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়ররা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)