×

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে মামলার মুখোমুখি হোক।”

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, “আমরা আইনগতভাবে তাকে ফেরত চাই এবং চাই তিনি আদালতে মামলা মোকাবিলা করুন।”

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে বলে তার জানা নেই। আদালতের নিষেধাজ্ঞা না থাকলে গণমাধ্যম যে কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশইন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। সিএএ ও এনআরসিসহ বিভিন্ন আইন ভারত কীভাবে বাস্তবায়ন করবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের বিষয়ে তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রোঅ্যাক্টিভ কার্যক্রমও চালানো হচ্ছে। মাদক উদ্ধার, চোরাচালান রোধ ও অপরাধীদের গ্রেফতারকে তিনি প্রোঅ্যাক্টিভ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত চার্জশিট দাখিল ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রামিসা, আছিয়া, তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের পাঁচ হত্যা মামলাসহ আলোচিত ঘটনাগুলোর তালিকা করে দ্রুত বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি পুলিশ বাহিনীর সংস্কারেও কাজ চলছে বলে জানান তিনি।

সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং কার্যকর ফল পেতে কিছুটা সময় প্রয়োজন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)