×

তিস্তা ব্যারাজের কাজেও উদ্যোগ নেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি সরকার—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সরকারই পদ্মা ব্যারাজের কাজ শুরু করবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজেও হাত দেবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে তিস্তা নিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কাজ ও বাস্তবায়ন যদি কেউ করে থাকে, সেটি বিএনপিই করেছে।”

আজ বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পানিসমস্যা সমাধানে পদ্মা নদীতে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণের মাধ্যমে পানি সরিয়ে নেওয়ার কারণে শুষ্ক মৌসুমে দেশে পানি সংকট তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ ও শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য ব্যারাজ নির্মাণ প্রয়োজন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে, সুন্দরবনসহ পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, এখন শীতের তীব্রতা আগের মতো নেই, ভূগর্ভস্থ পানির স্তরও অনেক নিচে নেমে গেছে, যা কৃষি ও জনজীবনে প্রভাব ফেলছে।

তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে, যা কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানসহ সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)